সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার কোনাগাতি থেকে হত্যা মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী জবান আলীর (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। ৬ ফেব্র“য়ারী বৃহস্পতিবার রাত তিনটার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ । নিহত জবান আলী সদর উপজেলার পূর্ব বাঐতারা গ্রামের মৃত আজিজুল হকের পুত্র বলে জানা গেছে।

পুলিশ জানায়, নিহত জবান আলী সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিক নেতা নাসির ও যুবলীগ নেতা টিক্কা হত্যা ও ডাকাতি সহ প্রায় সাতটি মামলার প্রধান আসামী। সিরাজগঞ্জ পুলিশ সুপার এস এম এমরান হোসেন জানান, বৃহস্পতিবার রাত তিনটার দিকে সদর উপজেলার সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের কোনাগাতিতে টহল পুলিশ একটি লাশ পড়ে থাকতে দেখে। পরে লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ সদর থানায় আনার পরে জানা যায় এটি একাধিক হত্যা মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী জবান আলীর লাশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হবে বলে তিনি জানিয়েছেন। তবে জবান আলীকে কেন বা কারা হত্যা করেছে তা তিনি জানাতে পারেননি।




