শ্যামলবাংলা স্পোর্টস : প্রতিপক্ষ দলের সংগ্রহ ৫৮৭ রান হওয়ার পর কোন বোলারের বন্দনা বাড়াবাড়িই মনে হতে পারে। তবে দলের পারফরম্যান্স যাই হোক, ব্যক্তিগত পারফরম্যান্সে কেউ ঔজ্জ্বল্য ছড়ালে তার কথা আলাদা করেই আসে। না হলে তার প্রতি যে অবিচার করা হয়! চট্টগ্রাম টেস্টে প্রতিপক্ষ শ্রীলংকা দল যেখানে অভিজ্ঞ ব্যাটসম্যান সাঙ্গাকারার করা প্রথম ট্রিপল সেঞ্চুরির (৩১৯) ওপর ভর করে ৫৮৭ রানের পাহাড় গড়েছে, সেখানে বল হাতে ১৪৮ রান খরচায় ৫ উইকেট নিয়ে ঠিকই উজ্জ্বল ছিলেন স্বাগতিক বাংলাদেশ দলের সেরা টেস্ট বোলার সাকিব আল হাসান। বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডার হিসেবে র্যাংকিংয়ের দ্বিতীয় নম্বরে থাকা সাকিবের এটি ১১তম পঞ্চম উইকেট শিকারের ঘটনা। আর শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয়।




