শ্যামলবাংলা ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের জনাকীর্ণ একটি রেস্তোরাঁয় বন্দুকধারীদের আত্মঘাতী বোমা হামলা ও গুলিতে অন্তত: ২১ জন নিহত হয়েছে। ১৮ জানুয়ারী শনিবার এক প্রতিবেদনে ওই তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন। নিহতদের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তা ও জাতিসংঘের ৪ কর্মী রয়েছেন। তালেবান ওই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, আফগানিস্তানে অবস্থানরত বিদেশি কর্মকর্তাদের লক্ষ্য করেই পরিকল্পিত এ হামলা চালানো হয়।

আফগানিস্তানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আইয়ুব সালাঙ্গি জানান, শুক্রবার রাতে জনাকীর্ণ ওই রেস্তোরাঁর ফটকের বাইরে একজন আত্মঘাতী বোমা হামলাকারী তার সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এর ঠিক পরপরই দু’জন বন্দুকধারী রেস্তোরাঁর ভেতরে প্রবেশ করে এলোপাথারি গুলি ছুড়তে শুরু করে।
কাবুলের পুলিশ প্রধান মোহাম্মদ জহির বলেন, শুক্রবারের ওই হামলার ঘটনায় শনিবার সকাল পর্যন্ত ১৩ বিদেশিসহ অন্তত: ২১ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে ৫ জন নারীও রয়েছেন।
উলেখ্য, কাবুলের ওয়াজির আকবর খান এলাকায় অবস্থিত ওই রেস্তোরাঁটি বিদেশি নাগরিক ও কূটনৈতিকসহ আফগানিস্তানে কর্মরত বিভিন্ন দাতা সংস্থার কর্মীদের কাছে বেশ জনপ্রিয়।




