শ্যামলবাংলা স্পোর্টস : ৪ বারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসিকে টপকে এবার বর্ষসেরার পুরস্কার ফিফা ব্যালন ডি’অর জিতলেন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো। এর আগে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা ৪ বার বর্ষসেরা ফুটবলার ছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সোমবার সুইজারল্যান্ডের জুরিখে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে রোনালদোর হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়।

এর আগে ২০০৮ সালেও ব্যালন ডি’অর জিতেছিলেন ২৮ বছর বয়সী রোনালদো। তখন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতেন তিনি।
গেল বছর ক্লাব রিয়াল মাদ্রিদ ও জাতীয় দলের হয়ে ৫৬ ম্যাচে ৬৬ গোল করেন রোনালদো। তবে ক্লাবের হয়ে কোন শিরোপা জিততে পারেননি তিনি। এদিকে গত মৌসুমটা খুব একটা ভালো খেলতে পারেননি আর্জেন্টিনার মেসি। মাত্র ৪৫টি ম্যাচ খেলে গোল পেয়েছেন ৪২টি। তবে দলকে জিতিয়েছিলেন লা লিগার শিরোপা।




