শ্যামলবাংলা ডেস্ক : ইন্সটাগ্রামে তরুণ পপতারকা জাস্টিন বিবার এবং তার সাবেক প্রেমিকা পপস্টার সেলেনা গোমেজের ঘনিষ্ঠ ছবি দেখে হলিউডের অনেকেরই ধারণা, আবারও প্রেম করছেন ওই জুটি।
জানা গেছে, ২ জানুয়ারি বিবারের বাড়ির কাছে ক্যালিফোর্নিয়ার কালাবাসায় গোমেজকে সাথে নিয়ে ড্রাইভে যেতে দেখা যায়। এরপর বিবার তার ইন্সটাগ্রামে দু’জনের একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেন। ওই ছবিটির ক্যাপশনে দুজনের ভালোবাসার কথাও উল্লেখ করেন বিবার।
কিছুদিন আগেই এক বিবৃতিতে বিবার বলেছিলেন, এখনও গোমেজের প্রতি আগের মতোই দুর্বল তিনি। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর তিনি বলেন, সেলিনার থেকে দূরে যাওয়ার পরই আমি আমার জীবনের সেরা গানটি লিখেছিলাম। যখন সেলেনার সঙ্গে ছিলাম, আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল সে। সম্পর্কের ভাঙন আমাদের দুজনকেই খুব বেশি কষ্ট দিয়েছে। আমি তাকে এখনও খুব ভালোবাসি।”
সম্পর্ক ভাঙনের পর এই প্রথম গোমেজ এবং বিবারকে এক সঙ্গে দেখা গেছে। যদিও এ ছবি প্রকাশিত হওয়ার পর যে সমস্ত গুজব ছড়িয়েছে সে বিষয়ে কোন মন্তব্য করেননি ওই জুটি।
উল্লেখ্য, ২০১২ সালের নভেম্বরে বিবার-গোমেজের সম্পর্কে ফাটল ধরে। তবে এক বছর পর এই ছবি দেখে ধারণা করা হচ্ছে, দুজনের মধ্যকার দূরত্ব কমে এসেছে অনেকটাই।




