কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে জামালপুর কলেজে ভাংচুর ও অধ্যক্ষসহ শিক্ষক লাঞ্চিত করার অপরাধে কলেজের ৪ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি কঠন করা হয়েছে।
কলেজ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার জামালপুর কলেজে এইচএসসি পরীক্ষার ফরমপূরণকে কেন্দ্র করে কলেজের শিক্ষার্থী আওলাদ হোসেন মোড়ল, ফয়সাল আহমেদ, শরীফুল ইসলাম ও সাইদুল ইসলাম উত্তেজিত হয়ে অফিস কক্ষসহ কয়েকটি শ্রেনী কক্ষ ভাংচুর করে। এ সময় শিক্ষকরা বাধা দিলে তারা অধ্যক্ষ আনন্দ চন্দ্র দাসসহ ৩ প্রভাষককে লাঞ্চিত করে। পরে এ ঘটনায় কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদারের সভাপতিত্বে জরুরী সভা আহবান করে অভিযুক্ত ৪ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এছাড়া পরিচালনা পরিষদ কলেজের অধ্যক্ষকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেওয়া হয়। এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পিকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন এবং আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করে।




