স্টাফ রিপোর্টার : শেরপুরে ফের এক মেছোবাঘ আটক করেছে এলাকাবাসী। ৭ জানুয়ারী মঙ্গলবার বিকেলে শহরের মধ্য গৌরীপুর মহলার কতিপয় যুবক ওই মেছোবাঘটিকে আটক করে। মেছোবাঘটি আটককালে তার থাবায় ৩ যুবক সামান্য আহত হয়েছে। আটক মেছোবাঘটি সন্ধ্যায় বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, আটককৃত মেছোবাঘটি ওই এলাকার আব্দুল মোতালেব এর বাশঁঝাড়ে লুকিয়ে ছিল। সেখানে মোতালেব বাঁশ কাটতে গেলে হঠাৎ একটি বাঘ দৌড়ে তার বাড়ির একটি ঘরে প্রবেশ করে। পরে মোতালেব, রাসেল, সোহেল ও জনি ছালা ও কম্বল নিয়ে বাঘটিকে চেপে ধরে আটক করে। ওইসময় বাঘের থাবায় তারা সামান্য আহতও হয়। ধারণা করা হচ্ছে, মেছোবাঘটি বন-জঙ্গল থেকে খাদ্যের সন্ধানে বের হয়ে পথভুলে লোকালয়ে চলে এসেছে। এদিকে, মেছোবাঘটি আটকের খবর চারদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা মেছোবাঘটিকে এক নজর দেখতে ভীড় জমায়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাঘটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে। বনবিভাগ কর্তৃপক্ষ জানিয়েছে, আটক মেছোবাঘটি শীঘ্রই ঢাকা বন অধিদপ্তরে পাঠানো হবে।




