গফরগাঁও প্রতিনিধি : ১৯৭১ সালে যুদ্ধকালীন ১১ নং সেক্টরের কম্পানী কমান্ডার ও গফরগাঁও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা পূনবাসন সংস্থার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইকবাল-ঈ-আলম কামাল (৬৬) মঙ্গলবার সন্ধায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিলাহি——রাজিউন)। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর ইকবাল-ঈ-আলম কামালের নেতৃত্বে গফরগাঁও মুক্ত হয়। বুধবার বাদ জোহর উপজেলার লংগাইর উঠিয়ার বাজার ঈদগাহ মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন স্থানীয় এমপি ফাহমি গোলন্দাজ বাবেল, জেলা বিএনপি সহ-সভাপতি ও গফরগাঁও উপজেলা বিএনপি সভাপতি এবি সিদ্দিকুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজিম উদ্দিন আলম, জেলা আ’লীগ সহ-সভাপতি আলাল আহমেদ, উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন, গফরগাঁও প্রেসক্লাব, গ্রাম সাহিত্য কেন্দ্র, গফরগাঁও থিয়েটারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গ্রনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গফরগাঁওয়ে শোকের ছায়া নেমে আসে।




