শ্যামলবাংলা বিনোদন : এনটিভিতে আজ রাতে প্রচার হবে এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘যোগাযোগ গোলযোগ’। এতে অভিনয় করেছেন সুমাইয়া শিমু। কথা হয় তার সাথে-

‘যোগাযোগ গোলযোগ’-
এ নাটকে আমি মজার একটি চরিত্রে অভিনয় করেছি। নাটকটিতে অভিনয় করে বেশ মজা পাচ্ছি। মেয়েটি যা খুশি তা-ই করে। যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলে। মাঝেমধ্যে আহ্লাদ করে।
শীতের ভালো-মন্দ-
শীতকাল আমার খুব ভাল লাগে। কারণ এ সময়ে শুটিং করতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি আমি। শুটিংয়ের অনেক আলোর মধ্যেও শরীর ঘেমে ওঠে না। অনেক ফ্যাশনেবল পোশাক পরা যায়। আরও ভালো লাগে এ সময়ে অনেক ধরনের পিঠা পাওয়া যায়। শীতকালে সমস্যা একটাই, কম্বল মুড়ি দিয়ে থাকতে ইচ্ছে করে দুপুর পর্যন্ত!
অভিনয় কমিয়ে দিয়েছেন-
দেশের চলমান রাজনৈতিক সংকটের কারণে এখন টিভি নাটকের কাজ নিয়ে বেশ ঝামেলার মধ্যে আছি। দৃশ্যধারণের সময় চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে তা পাল্টাতে হচ্ছে। এ কারণে খুব বেশি কাজ করা হচ্ছে না। আর মাঝে কিছুদিন ধারাবাহিক নাটকে কাজ করিনি। এ মাসে নতুন দুটি ধারাবাহিকের কাজ শুরু করব। ধারাবাহিকে কাজ না করার কারণে আমার উপস্থিতি কিছুটা কম বলে মনে হচ্ছে।
এ বছর কি বিয়ের সানাই বাজবে?
সত্যি বলতে আমার পছন্দের কোন পাত্র নেই। বিয়ের সবকিছু দেখছে আমার পরিবার। সমাজের অন্য সাধারণ মেয়ের মতই পারিবারিকভাবে খোঁজ খবর নিয়ে আমার পাত্রের সন্ধান করা হচ্ছে। এ বছর বিয়ের সানাই বাজবে কি-না তা নিশ্চিত করতে পারছি না।
উচ্চতর শিক্ষার কী খবর?
আমি ‘বাংলাদেশের গণমাধ্যমে নারীর অভিনয় : শৈল্পিক ও আর্থ-সামাজিক পরিপ্রেক্ষিত’ বিষয়ের ওপর পিএইচডি করছি। তবে অভিনয় নিয়ে বেশি ব্যস্ত থাকার কারণে তা এখনও শেষ করতে পারিনি। চেষ্টা করছি দ্রুত শেষ করার।




