মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে বিপুল উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় (ঘোড়ার দৌড়) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর রবিবার শিবরামপুরের হলাকুড়ি মাঠে স্থানীয় তরুণ সংঘের আয়োজিত প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিবরামপুরসহ আশপাশ গ্রামগুলোতে বিরাজ করে সাজসাজ রব। বিকেলে অনুষ্ঠিত এ প্রতিযোগীতা দেখার জন্য সেখানে হাজার হাজার নারী পুরুষ জমায়েত হয়।
প্রতিযোগীতায় মহাদেবপুর, ধামইরহাট ও চাঁপাইনবাবগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলার সৌখিন ঘোড়া মালিকরা তাদের ঘোড়া নিয়ে অংশগ্রহণ করেন। প্রতিযোগীতায় ধামইরহাটের জাহাঙ্গীর আলমের ঘোড়া প্রথম স্থান ও একই উপজেলার দেলোয়ার হোসেনের ঘোড়া দ্বিতীয় স্থান অধিকার করে। সন্ধ্যায় সেখানে আয়োজিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রিয়াছাত হায়দার টগর। উত্তরগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান শেখ শাহ আলম ফয়সাল, চান্দাস ইউপি চেয়ারম্যান আঃ সাত্তার, ছাত্র নেতা রবিউল আলম বুলেট, যমুনা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামান, প্রাইম ব্যাংকের শাখা ব্যবস্থাপক নাজিম উদ্দিন, তরুণ সংঘের এরশাদ আলী, ইয়াসিন আলী প্রমুখ। গ্রামীণ খেলাধুলার প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখা ও মানুষদের নির্মল বিনোদন দেয়ার জন্যই প্রতিবছর ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান।




