গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন, খুলনা সিটির তালুকদার আব্দুল খালেক এবং বরিশালের খোকন সেরনিয়াবাত শপথগ্রহণ করেছেন। ৩ জুলাই সোমাবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ মেয়রকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে ৩ সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২৫ মে অনুষ্ঠিত হয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। এতে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী আজমত উল্লাকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।

১২ জুন অনুষ্ঠিত হয় বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন। খুলনায় আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক এবং বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বিজয়ী হন।









