এস.এম আজিজুল হক, পাবনা : ঈশ্বরদী-ঢাকা-ঈশ্বরদী রুটে আকাশ পথের ভাড়া বাড়ানো হয়েছে। ৩০শে অক্টোবর ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালু করার পর ইউনাইটেড এয়ারলাইন্স এর এয়ারক্রাফট সপ্তাহে শনি ও সোমবার এই রুটে চলাচল শুরু করে। উদ্বোধনী অনুষ্ঠানে সুধীবৃন্দের দাবির প্রেক্ষিতে বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান ঈশ্বরদী-ঢাকা রুটে যাত্রী প্রতি ৩ হাজার টাকা ভাড়া নির্ধারণের নির্দেশ দেন। সেই ভাড়া অনুযায়ী যাত্রীরা বিমানে যাতায়াত শুরু করেন। কিন্তু বিরোধী জোটের সাম্প্রতিক লাগাতার অবরোধ ও নাশকতার কারণে সড়ক-রেলপথ নিরাপদ না থাকায় মানুষজন প্রয়োজনে আকাশ পথে যাতায়াতে আগ্রহী হয়ে ওঠেন। এই সুযোগে ইউনাইটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষ হঠাৎ করে ভাড়া বাড়িয়ে ৩ হাজার টাকার স্থলে ৩ হাজার ৮শ’ টাকা করেছেন। সেই সাথে সপ্তাহে দু’দিনের স্থলে প্রতিদিন ফ্লাইট চালু করেছেন। এরপরও বিমানের টিকেট পাওয়া যাচ্ছে না, ৫/৬ দিন আগে অগ্রিম টিকেট কাটতে হচ্ছে।
এ ব্যাপারে ইউনাইটেড এয়ারলাইন্স এর গণসংযোগ কর্মকর্তা কামরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আভ্যন্তরীণ সকল রুটে আমাদের এয়ারলাইন্সের ভাড়া ৩ হাজার ৮শ টাকার নিচে নেই। এ কারণে লোকসানের হাত থেকে বাঁচতে ভাড়ায় সমতা আনা হয়েছে।
এদিকে বিমানের ভাড়া বৃদ্ধির বিষয়টি ঈশ্বরদীর যাত্রীরা মেনে না নিয়ে বলেছেন, এখন প্রতিদিন বিমান উঠানামা করছে, প্রচুর যাত্রী হচ্ছে, অথচ লোকসানের অজুহাতে ভাড়া বৃদ্ধি অযৌক্তিক। আবারও পূর্বের নির্ধারিত ভাড়া চালু করার দাবি জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র মকলেছুর রহমান বাবলু, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি ইউনুস আলী মিন্টু, ইপিজেডের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ কিরণ, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী শাখার সভাপতি আইনুল ইসলাম প্রমুখ।




