শ্যামলবাংলা ডেস্ক : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ অ্যাডভোকেটের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক সংকট উত্তরণে জাতিসংঘ দূতের সমঝোতার চেষ্টার মধ্যেই ৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে ওই বৈঠক করেন প্রধানমন্ত্রী। প্রায় সোয়া এক ঘণ্টাব্যাপী ওই বৈঠকে হয়। ওই সময় বঙ্গভবনে ঢুকতে দেখা যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকেও।
ওই সাক্ষাতের বিষয়ে বঙ্গভবন কিংবা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কিছু বলা না হলেও সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এটি একটি রুটিন ওয়ার্ক। জাতিসংঘের দূতের সফর, জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগ, রাষ্ট্রপতির দক্ষিণ আফ্রিকা সফর ইত্যাদি বিষয়ে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, এর আগে ১৭ সেপ্টেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি আবদুল হামিদ চোখের চিকিৎসা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ১ ডিসেম্বর সিঙ্গাপুর যান। চিকিৎসা শেষে শুক্রবার দেশে ফেরেন তিনি।




