পাবনা প্রতিনিধি : পাবনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুগ্রুপের রক্তক্ষয়ি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। ৪ ডিসেম্বর বুধবার সকালে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের সদর উপজেলার মনোহরপুর বড়ব্রীজের পাশে একটি মার্কেটে কেরাম খেলাকে কেন্দ্র করে ওই সংঘর্ষ হয়। আহতরা হচ্ছে মনোহরপুর গ্রামের মোল্লা পরিবারের আব্দুল হামিদ মোল্লা (৫৫), মহসিন মোল্লা (৫০), ওমেদ মোল্লা (৪৭), রেজাউল মোল্লা (৩৮), আসাদ মোল্লা (২৮), রহিম মোল্লা (২৭) ও মিজানুর রহমান (২৬)। একই গ্রামের আনজাল পাড়ার দেলোয়ার হোসেন দেলো (৩৮) ও রিপন (২৭)। আহতদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কেরাম খেলাকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে বচসা হয়। স্থানীয়রা দু’গ্রুপকেই শান্ত করে বাড়ী পাঠিয়ে দেয়। বুধবার সকালে আনজাল পাড়ার লোকজন মোল্লা বাড়ীর লোকজনদের উপর লাঠিসোঠা, লোহার পাইপ, রড, ধারালো অস্ত্র ও দেশীয় তৈরী পাইপগান নিয়ে হামলা করলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।
স্থানীয়রা জানান, উভয় গ্রুপের সংঘর্ষে মোল্লা পরিবারের বেশকিছু লোকজন গুরুতর আহত হয়। পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনও থানায় কোন মামলা দায়ের হয়নি বলে জানা গেছে।




