ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ২ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাতে ঠাকুরগাঁও শহরের আর্টগ্যালারী মোড়ে একটি দ্রুতগামী ট্রাক্টর যাত্রীবাহি অটো রিক্সাকে ধাক্কা দিলে সাংবাদিকসহ ৫জন আহত হয়। আহতরা হলেন, দৈনিক ভোরের কাগজ ও দৈানক করতোয়ার প্রতিনিধি মনসুর আলী, সোনালী ব্যাংকের হিসাবরক্ষক জোতিষচন্দ্ররায়, অটোচালক মোহাম্মদ আলীসহ অজ্ঞাত ২জন।
স্থানীয়রা আহতদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। এসময় কর্তব্যরত ডাক্তার আব্দুস সালাম রোগীদের সেবা প্রদানে অবহেলা করলে স্বজনদের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ডাক্তার স্বজনদের উপর ক্ষিপ্ত হলে তাকে ঘেরাও করে উপস্থিত লোকজন। পরে সাংবাদিক নেতারা তাকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়। এ ঘটনায় সাংবাদিকরা নিন্দা জানিয়ে ডাক্তারের অপসারণ দাবি করে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে কর্মসূচী ঘোষনা করে।
এদিকে ডাক্তারের অবহেলায় সাংবাদিক মনসুর আলীসহ দুজনের অবস্থা আশংকাজনক হলে তাদের উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার পর পুলিশ অটো রিক্সা-ট্রাকক্টরটি আটক করে থানায় নিয়ে আসে। তবে কর্তব্যরত ডাক্তার আব্দুস সালাম অবহেলার বিষয়টি অস্বীকার করলেও সিভিল সার্জন আফজাল হোসেন তরফদার ওই ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।




