ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: দেশ ব্যাপী ১৮ দলের ডাকা ৭২ ঘন্টার হরতালের প্রথম দিন ভোলাহাটে জামায়াত নেতার মোটরসাইকেল ভাঙ্গলো বিএনপি কর্মীরা। শনিবার মেডিকেল মোড়ে বিএনপি পিকেটিং করার সময় ভোলাহাট উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির তৌহিদুল ইসলাম মোটরসাইকেল যোগে মেডিকেল মোড়ে আসার পথে ভোলাহাট মোহবুলাহ কলেজ মাঠে অবস্থান নিলে বিএনপি’র কিছু কর্মী সমর্থক হামলা চালিয়ে মোটরসাইকেল ভাংচুর করে। অপর দিকে উপজেলায় কোন প্রকার গণপরিবহন চলাচল করেনি। গণপরিবহন না থাকায় বেকায়দায় পড়েন যাত্রীরা। রহনপুর হতে বারইপাড়া পর্যন্ত ভুটভুটি চলাচল করলেও মুশরীভূজা, আলী মোড়, আদাতলা ও মেডিকেল মোড়ে পিকেটিং কারীদের অবস্থান থাকায় পরিবহনগুলো ঐ এলাকায় চলাচল বন্ধ আছে।




