সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-পরিদর্শক (এস আই) রেজাউল করিমের অস্ত্র ছিনতাই করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের কর্মীরা। দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮দলের ডাকা রাজপথ, রেলপথ ও নৌÑপথ অবরোধের দ্বিতীয় দিন ২৭ নভেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের খেদন সর্দ্দারের মোড়ে ওই ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধ, ৩ কর্মী নিহতের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও ১৮ দলের পক্ষ থেকে ডাকা বৃহস্পতিবারের হরতালের সমর্থনে বের হওয়া মশাল মিছিল শহরের খেদন সর্দ্দারের মোড় এলাকায় পৌছে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরন ঘটালে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-পরিদর্শক রেজাউল করিমের হাত থেকে তার ব্যাবহৃত অস্ত্রটি (পিস্তল) পড়ে গেলে ১৮ দলের কর্মিরা তাকে মারপিট করে অস্ত্রটি ছিনিয়ে নেয়। সিরাজগঞ্জ পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




