আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : সকালে যুবলীগ নেতা নিহত হওয়ার রেশ না কাটতেই সাত ঘন্টার ব্যবধানে সন্ধ্যায় সাতক্ষীরার কলারোয়ায় ফের দূর্বৃত্তদের হামলায় এক স্বেচ্ছাসেবকলীগ নেতা নিহত হয়েছে। নিহত রবিউল ইসলাম (৩৫) উপজেলার দেয়াড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার দেয়াড়া নতুন বাজার এলাকায় হামলার ওই ঘটনাটি ঘটে। জানা গেছে, দেয়াড়া গ্রামের খোকন সরদারের ছেলে ১১নং দেয়াড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে দেয়াড়া নতুন বাজারে একটি চায়ের দোকানে চা খাচ্ছিল। এসময় স্থানীয় কতিপয় দূর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করলে সেখানেই রবিউলের মৃত্যু হয়। রবিউল ইসলাম দেয়াড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বলে জানান উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক হারুন-অর রশীদ। হামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা রবিউল ইসলাম নিহতের ঘটনার সত্যতা স্বীকার করেছেন দেয়াড়া ইউপির প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রভাষক আব্দুল মান্নান। কলারোয়া থানার ওসি শাহ দারা খাঁন পিপিএম জানান, জামায়াত-শিবিরের কর্মীরা রবিউল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে। সেখান থেকে হত্যায় সম্পৃক্ততার অভিযোগে ৬জন জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি। এদিকে, একইদিন সকাল ১০টার দিকে পৌরসভাধীন মির্জাপুর স্কুল এলাকায় অবরোধকারীদের হামলায় দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাবু (৩০) নিহতের ঘটনায় তুলশীডাঙ্গা থেকে কাইয়ুম নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলে ওসি জানান। সন্ধ্যার দিকে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান সহ পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কলারোয়া অতিরিক্ত পুলিশ, বিজিবিকে টহল দিতে দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষুব্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ আ’লীগের নেতাকর্মীরা পৌরসদরে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে থানার সামনে সমবেত রয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।




