এস. গুলবাগী, বগুড়া : বগুড়া সরকারী আজিজুর হক কলেজের মেধাবী ছাত্রী কণা হত্যা মামলার দু’সপ্তাহ পেরিয়ে গেলেও মামলার কোন অগ্রগতি নেই। পুলিশ আজ পর্যন্ত কোন আসামী গ্রেফতার কিম্বা কোন ‘ক্লু’ উদ্ধার করতে পারেনি। অথচ কণা হত্যার বিচার দাবি করে মানববন্ধনসহ বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম করেছে কলেজ শিক্ষার্থীরা। অপরদিকে মামলার পর থেকে বাদীকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে আসামীরা। এমতাবস্থায় শোক সন্ত্রপ্ত পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তাহীনতাসহ মামলার কোন অগ্রগতি না থাকায় ব্যাপক হতাশাগ্রস্থের মধ্যে রয়েছেন।
জানা যায়, ২ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় বগুড়ার বনানী পর্যটন মোটেলের আবাসিক কক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় কনা খাতুন (২০) নামের এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে শাজাহানপুর থানা পুলিশ। ৪ নভেম্বর বিকেলে কণার বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে ৩ জন এজাহারভূক্তসহ অজ্ঞাতনামা আরও কয়েক ব্যক্তির নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। কণা খাতুন বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের বৈরুয়াহাট গ্রামের কলিম উদ্দিনের কন্যা ও বগুড়া সরকারি আযিযুল হক কলেজের মনোবিজ্ঞান বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্রী।
কণার বড় ভাই নজরুল ইসলাম জানান, মামলা দায়েরের পর থেকে আসামীরা বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছে। পুলিশকে জানানোর পরও কোন আসামী গ্রেফতার করতে পারেনি। পুলিশের নীরব ভূমিকায় আসামীদের হত্যার হুমকি এবং মামলার অগ্রগতি নিয়ে তারা ব্যাপক হতাশাগ্রস্থ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সালাম জানান, আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম জানান, বাদীকে হুমকি-ধামকির বিষয়টি আমাকে জানানো হয়েছে। তবে মামলার সার্বিক বিষয়গুলো দেখছি। মামলার তদন্তের কাজ অনেক দুর এগিয়ে গেছে। আশা করছি অচিরেই আসামীদের গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে পারবো।




