শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের উদ্দেশ্যে বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, নির্দলীয় সরকারের দাবি ন্যায়সঙ্গত। এই দাবি আপনাদের ছিল, আমাদের দাবি ছিল না।

আপনাদের দাবির কারণে সংবিধানে সংযোজন করেছিলাম। তিনি ১৪ নভেম্বর রাতে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ওই কথা বলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় আকস্মিকভাবে জাতীয় প্রেস ক্লাবে যান বিএনপি চেয়ারপারসন। এসময় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদার নেতাকে স্বাগত জানান। এরপর বিরোধী দলীয় নেতা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, আমরা দেশের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব। এ নিয়ে কোনো রকম আপস করার সুযোগ নেই।

মতবিনিময়ে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে নিজেদের মতামত ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
সাংবাদিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, আপনারা সবাই দেশকে ভালোবাসেন। দেশের অনেক তথ্য আপনারা জানেন। আমি সেসব বিষয়ে জানতে আজ এখানে এসেছি। আপনারা যে চিন্তাধারা ধারণ করেন, তা নিয়ে এগিয়ে যাবেন, এটাই আমি বিশ্বাস করি।
তিনি বলেন, আমার কাছে পদ বড় নয়। প্রথম দিকে যখন আমি রাজনীতি শুরু করেছিলাম, তখন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই সংগ্রাম করেছি। আজ এখানে এসেছি, দেশের অবস্থা সম্পর্কে আপনাদের কাছ থেকে জানতে।
প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রয়াত গিয়াস কামাল চৌধুরীর কথা স্মরণ করে তিনি বলেন, তার মৃত্যুতে আমি মর্মাহত হয়েছি। গণতন্ত্রের আন্দোলনে তিনি কাজ করে গেছেন। তার মতো ব্যক্তির আজ প্রয়োজন ছিল।
মতবিনিময় সভার আরো উপস্থিত ছিলেন, দলের সহ-সভাপতি সেলিমা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউলাহ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পিয়াস করীম, সাংবাদিক শফিক রেহমানসহ বিভিন্ন গণমাধ্যমের নবীন-প্রবীণ সাংবাদিকবৃন্দ।




