মেহের আমজাদ, মেহেরপুর : বিরোধী জোটের ডাকা টানা ৮৪ ঘন্টা হরতাল সফল করতে মেহেরপুরে বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। এতে সড়কগুলিতে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়।
রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে জেলা জামায়াতের নায়েবে আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর, জামায়াত নেতা তারিক মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর-কাথুলি সড়কের কায়েম কাটা মোড়, এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর মোড়ে টায়ার জ্বালিয়ে, ইট ফেলে লাঠি শোটা নিয়ে বিভিন্ন ¯েøাগান দিয়ে বিক্ষোভ করতে থাকে পিকেটাররা। এ সময় কায়েম কাটার মোড়ে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ফলে সড়কগুলোতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজনগরে জামায়াতের বিপুল সংখ্যক মহিলা কর্মি অবরোধে অংশ নেয়। ঘন্টা ব্যাপি অবরোধকালে পুলিশকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এদিকে হরতালের কারণে আন্তঃজেলা ও দূরপাল্ল¬ার পরিবহণ চলাচল বন্ধ রয়েছে। অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অপরদিকে, রবিবার বেলা সাড়ে ১২টার সময় মেহেরপুর জেলা বিএনপির শাহাজীপাড়া কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের বড় বাজারের কাছে পৌছালে মিছিল থেকে বিএনপির ৪জন নেতাকে আটক করে সদর থানা পুলিশ।
আটককৃতরা হলো জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনসারুল হক, যুবদলের যুগ্ম আহবায়ক ফয়েজ মোহাম্মদ, জেলা তরুন দলের আহবায়ক কাজী মিজান মেনন এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা আজমল হোসেন মেন্টু।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, হরতালে নাশকতা সৃষ্টি করতে পারে এমন সন্দেহে তাদের আটক করা হয়েছে।




