ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহীর বাঘায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা শাহানারা বেগম। ৮ নভেম্বর শুক্রবার দুপুরে উপজেলার আড়ানী পৌর এলাকার গোচর মহল্লার মৃত ইনতাজ মন্ডলের ছেলে শাদিহ হোসেন (২৫) কে পুলিশে সোপর্দ করেন তার মা।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, উপজেলার আড়ানী পৌর এলাকার শাদিহ হোসেন দীর্ঘ দিন থেকে মাদকাসক্ত হয়ে পড়েছিল। কোন উপায় না পেয়ে মা শাহানারা বেগম নিজে বাদি হয়ে থানায় আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার দুপুরে পুলিশ তার নিজ বাড়ি থেকে নিয়ে যায়। ভাই জনি হোসেন জানান, বিভিন্নভাবে তাকে বারবার বুঝানোর চেষ্টা করা হয়েছিল। আমাদের কোন কথায় কর্ণপাত করেনি। সে দিন দিন আরও বেশি মাদকাসক্ত হয়ে পড়ছিল। এছাড়া মানুষের রোপন করা মাঠের বিভিন্ন ফসল তুলে বাজারে বিক্রি করতে শুরু করে। আত্মসম্মানের ভয়ে তাকে পারিবারিকভাবে পুলিশের মাধ্যমে জেল হাজতে দেয়া হয়েছে।




