শ্যামলবাংলা ডেস্ক : ১৫ নভেম্বরের মধ্যে ‘স্থায়ী পে কমিশন’ গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাতীয় বেতনস্কেলভুক্ত বিভিন্ন ক্যাডার ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৈষম্যের বিষয়গুলো চিহ্নিত করে সমাধানের সুপারিশ করতে ‘পে অ্যান্ড সার্ভিসেস কমিশন’ নামে আলাদা একটি কমিশন হবে বলে জানিয়েছেন তিনি। ৩০ অক্টোবর বুধবার বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল বুধবার অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের এ কথা জানান।
মন্ত্রী পরে সাংবাদিকদের জানান, স্থায়ী পে কমিশনের চেয়ারম্যানই পে অ্যান্ড সার্ভিসেস কমিশনের প্রধান হবে। পে অ্যান্ড সার্ভিসেস কমিশনের মেয়াদ হবে ছয় মাস। প্রয়োজনে পরে মেয়াদ বাড়ানো যাবে। এই কমিশন বেতন বৈষম্যের বিষয়গুলো খতিয়ে দেখবে এবং সমাধানের সুপারিশ করবে।
উলেখ্য, ৬ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা দেন। যা, চলতি বছরের ১ জুলাই থেকেই কার্যকর । একই সময় তিনি একটি স্থায়ী পে কমিশন গঠনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন।




