রাউজান প্রতিনিধি : দেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে গতকাল ২৬ অক্টোবর শনিবার বিশাল মোটর শোভাযাত্রা করেছে রাউজান উপজেলা আওয়ামীলীগ।

সহাস্রাধিক গাড়ির বহর নিয়ে যাত্রা করা শোভাযাত্রার অগ্রভাগে খোলা গাড়িতে দাঁড়িয়ে নেতৃত্ব দেয় স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
চট্টগ্রাম-কাপ্তাই সড়ক পথের জিয়াবাজার থেকে শুরু হওয়া গাড়ির বহরটি উপজেলার বিভিন্ন সড়ক পথ ও চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের সর্তারঘাট পর্যন্ত ঘুরে রাউজান কলেজের সামনে এসে শেষ হয়। এখানে সাংসদ ফজলে করিম চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাউজান এখন সন্ত্রাস,চাঁদাবাজমুক্ত। এই অবস্থা ধরে রাখতে রাউজানের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ থাকতে হবে।

এই উপজেলাকে দেশের একটি মডেল উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত করার কাজ অনেকাংশে শেষ করা গেছে। অবশিষ্ট কাজ শেষ করতে দলমত নিবিশেষে সকলকে এক হয়ে আগামী নির্বাচনে কাজ করতে হবে। তিনি বলেন উন্নয়নের প্রতিক হচ্ছে নৌকা। নৌকা মার্কায় ভোট দিয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে শান্তি, সুখ ও সমৃদ্ধির পথে। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুসলিম উদ্দিন খানের পরিচালনায় এখানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী , চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, আবদুল ওহাব, পৌরসভা আওয়ামীলীগ নেতা কাজী ইকবাল, আনোয়ারুল ইসলাম, বশির উদ্দিন খান, নুরুল আবছার চৌধুরী, জমির উদ্দিন পারভেজ, আবদুল জব্বার সোহেল প্রমুখ।




