ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে লেবানন থেকে আরও ১৫১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। ৫ নভেম্বর মঙ্গলবার মধ্যরাতে তাদের বহনকারী চার্টার্ড ফ্লাইটটি হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশ সরকারের উদ্যোগে এসব বাংলাদেশিদের দেশে ফিরতে সহযোগিতা করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। ওইসময় বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সারোয়ার আলম এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা ফাতেমা নুসরাত গাজালী।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক সচিব মো. রুহুল আমিন বলেন, লেবানন থেকে যেসব বাংলাদেশি দেশে ফিরতে ইচ্ছুক তাদের সবাইকে সরকারি খরচে ফেরত আনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ পর্যন্ত লেবাননে একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধাবস্থায় যতজন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে ইচ্ছুক, তাদের সবাইকেই সরকার নিজ খরচে দেশে ফেরত আনবে। বৈরুতে বাংলাদেশ দূতাবাস দেশে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে।




