ময়মনসিংহ প্রতিনিধি ॥ সাংবাদিকতা ও সাহিত্যে বিশেষ অবদান রাখায় ১০ গুণীজনকে ময়মনসিংহ প্রেসক্লাব সম্মাননা পদক প্রদান করা হয়েছে। ২৫ নভেম্বর শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। জেলা প্রশাসক খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট বিভাগের চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি। ময়মনসিংহ প্রেসক্লাবের সেক্রেটারি বাবুল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক রিয়াজুল ইসলাম প্রমুখ।
বৃহত্তর ময়মনসিংহে জন্মগ্রহণকারী কৃতী সাংবাদিক ও সাহিত্যিক, যারা ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখেছেন, তাদেরকে ময়মনসিংহ প্রেসক্লাব পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্তরা হলেন ২০১১ সালে সাংবাদিকতায় শ্যামলেন্দু পাল, সাহিত্যে আনজীর লিটন,২০১২ সালে সাংবাদিকতায় জিয়াউদ্দিন আহমেদ, সাহিত্যে ড. আমিনুর রহমান সুলতান, ২০১৩ সালে সাংবাদিকতায় সুলতান উদ্দিন খান (মরণোত্তর), সাহিত্যে মাহমুদ কামাল, ২০১৪ সালে সাংবাদিকতায় রফিকুল ইসলাম রতন, সাহিত্যে আশরাফ মীর, ২০১৫ সালে সাংবাদিকতায় মোস্তফা বাবুল, সাহিত্যে সোহরাব পাশা। অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যরাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮৬ সাল থেকে ময়মনসিংহ প্রেসক্লাব প্রতিবছর সাংবাদিকতা ও সাহিত্যে অবদান রাখার জন্য বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ২ জন করে গুণীজনকে ওই পদক দিয়ে আসছে।




