এম লুৎফর রহমান, নরসিংদী : নরসিংদীর পৌর মেয়র শহীদ লোকমান হোসেনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী ১ নভেম্বর। এ উপলক্ষে ‘জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশন’ ৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ১ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় সমাধিসৌধ উদ্বোধন, সমাধি সৌধে সকলস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন, দুপুর সাড়ে ১২ টায় পৌর বাস টার্মিনালে গণভোজ, ২ নভেম্বর সকাল ১০ টায় পৌরসভা সংলগ্ন স্বাধীনতা চত্বর থেকে শোকর্যালি, বিকাল ৩ টায় পৌরসভা মিলনায়তনে শিশু-কিশোরদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ৩ নভেম্বর সকাল ১০ টায় নরসিংদী পৌরসভা মিলনায়তনে চিত্র প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা সভা (চিত্র প্রদশনী চলবে ৬ নভেম্বর পর্যন্ত)।
চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরসিংদী সদরের সংসদ সদস্য লে. কর্ণেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হীরু বীর প্রতীক। উদ্বোধন করবেন ঢাকা বিবিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডীন অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী। সভাপতিত্ব করবেন নরসিংদী পৌরসভার মেয়র মো. কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পলাশের এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, শিবপুরের এমপি মো. জহিরুল হক ভূইয়া মোহন, মনোহরদী-বেলাব আসনের এমপি নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া, সহ-সভাপতি জিএম তালেব হোসেন, সহ-সভাপতি অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী।
৬ নভেম্বর বিকাল ৩ টায় পৌরসভা মিলনাতয়নে জনবন্ধু সম্মাননা, ‘চিরঞ্জীব লোকমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা। সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর মোহাম্মদ আলী, প্রসেফর সূর্যকান্ত দাস, প্রফেসর কালাম মাহমুদ, সরকার আবুল কালাম, অধ্যাপিকা নূরজাহান বেগম, অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, রঞ্জিত কুমার সাহা প্রমুখ। এতে সভাপতিত্ব করবেন নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল।
জনবন্ধু লোকমান হোসেনের দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে ৬ দিনব্যাপী কর্মসূচি সফল করার লক্ষ্যে তার ভাই নরসিংদী সরকারী কলেজের সাবেক ভিপি ও জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশনের মহাসচিব শামীম নেওয়াজ সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।




