আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরার কলারোয়ায় মানসিক ভারসাম্যহীন এক যুবক তার দাদীকে কুপিয়ে হত্যা করে নিজে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। এসময় সে তার মাকেও কুপিয়েছে। ২৮ অক্টোবর সোমবার দুপুরে ওই ঘটনা ঘটে। মানসিক ভারসাম্যহীন ওই যুবকের ধারালো দায়ের কোপে আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে তার দাদী জাহানারা বেগম (৬০) পথিমধ্যে মারা যান। আহত মা আনোয়ারা খাতুন (৪০)কে হাসপাতালে ভর্তি করা হলেও তার অবস্থা সংকটাপন্ন।
জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার বড়ালী গ্রামের কামরুল ওরফে চান্দু গাজীর ছেলে মোকলেছুর রহমান (২৫) কয়েকমাস পূর্বে চোরাই পথে মালয়েশিয়ায় যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে পুলিশের হাতে ধরা পড়ে সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়ে দেশে ফিরে আসে। দেশে ফিরে মাসখানিক সে অপ্রকৃতিস্থ অবস্থায় ঘোরা ফেরা করে আসছিলো। সোমবার দুপুরে সে ভ্যানযোগে মালয়েশিয়ায় পাঠিয়ে দেয়ার বায়না ধরে। নানা ধরনে অসঙ্গত আচরণ করার পর আকস্মিকভাবে সে তার দাদী জাহানারা বেগম (৬০) কে কুপিয়ে জখম করে। এসময় দাদীকে রক্ষা করতে তার মা আনোয়ারা খাতুন (৪০) এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে। পরে কিছুটা স্বাভাবিক হলে মোকলেছুর নিজের ভূল বুঝতে পেরে ঘরে রাখা বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। আহত দাদী ও মাকে হাসপাতালে নেয়ার পথে দাদীর মৃত্যু হয়। মোখলেছুরের মায়ের অবস্থা আশংকাজনক। আর বিষপান করায় মোখলেছুরও কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।




