হুমায়ুন কবির মৃধা সিরাজগঞ্জ ঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ পৌর এলাকার রেলকলোনী-মিরপুর মহলাবাসীর সাথে চরিয়াপাড়া-মাছুমপুর মহলাবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের মধ্যে অন্তত ২০ জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরিস্থির্তি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় ১টি দোকান ও ৫টি বাড়ি ভাংচুর ও লুটাপাটের ঘটনা ঘটে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। থানা পুলিশ ও এলাকাবাসীরা জানান, শনিবার বিকেলে রেলকলোনী মহলার রাব্বি মিয়ার সাথে মাদক সেবন নিয়ে চড়িয়াপাড়া মহলার এক যুবকের বাক বিতন্ডা হয়। এ ঘটনার জের ধওে ২৭ অক্টোবর রবিবার সকালে চড়িয়াপাড়া মহলাবাসী সংঘবদ্ধ হয়ে রেলকলোনী মহলায় হামলা চালায়। পরবর্তিতে এই সংঘর্ষ মিরপুর ও মাছুমপুরের মহলার মধ্যে ছড়িয়ে পরে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষই মামলা করতে থানায় আসেনি।




