স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ২৮ জানুয়ারি সোমবার সমিতির ১নং ভবন নিপুণ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের ওই তারিখ ঘোষণা করা হয়। এছাড়া একই সভায় সমিতির সাবেক সভাপতি এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়কে প্রধান করে ৫ সদস্যের নির্বাচন কমিশন ঘোষণা করা হয়।
সমিতির সভাপতি আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় সাধারণ সম্পাদক এডভোকেট আবুল মানসুর স্বপন বার্ষিক রিপোর্ট, এডভোকেট মোঃ আদিলুজ্জামান অডিট রিপোর্ট পেশ করেন। সভা শেষে বার্ষিক ভোজে জেলা ও দায়রা জজ আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সায়েদুর রহমান খান ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমানসহ অন্যান্য বিচারকগণ শরিক হন।
এদিকে সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনকে সামনে রেখে আদালত অঙ্গণে আইনজীবীদের তৎপরতা বেড়ে গেছে। প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগসহ সমমনা ও বিএনপিসহ সমমনাদের বলয় থেকে পৃথক প্যানেলে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে। আওয়ামী লীগের প্যানেল থেকে সম্ভাব্য সভাপতি প্রার্থী হিসেবে গতবারের প্রতিদ্বন্দ্বী সিনিয়র আইনজীবী মোখলেসুর রহমান আকন্দ, সাবেক সভাপতি একেএম মোছাদ্দেক ফেরদৌসী এবং সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে বিদায়ী সাধারণ সম্পাদক আবুল মানসুর স্বপন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আধার ও মোঃ সুরুজ্জামানের নাম শোনা যাচ্ছে। তবে নানা মানসিক যাতনার কারণে এবারও রফিকুল ইসলাম আধার প্রার্থী নাও হতে পারেন। অন্যদিকে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সম্ভাব্য সভাপতি প্রার্থী হিসেবে বিদায়ী সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ তৌহিদুর রহমান এবং সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে এম কে মুরাদুজ্জামান ও মুন্সী মোঃ মহসীনের নাম শোনা যাচ্ছে। এ ক্ষেত্রেও এম কে মুরাদুজ্জামান পিছু হটতে পারেন।




