স্টাফ রিপোর্টার : এবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় রূপচাঁন মিয়া (২৮) নামে এক বর্গা চাষীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ২৫ আগস্ট মঙ্গলবার উপজেলার বন্দভাটপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে ওই গ্রামের মাহমুদ হোসেন (৪০) ও মোতালেব হোসেন (৪৫)। তবে সন্ধ্যা পর্যন্ত ওই ঘটনায় থানায় মামলা রুজু হয়নি।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিনাইগাতী উপজেলার বন্দভাটপাড়া গ্রামের রূপচাঁন মিয়া স্থানীয় আবুল বাশারের কাছ থেকে একটি পুকুর বর্গা নিয়ে বেশ কিছুদিন যাবত মৎস্য চাষ করে আসছে। বর্গার মেয়াদ শেষ না হতেই আবুল বাশার পুকুর থেকে মাছ ধরতে নিষেধ করে রূপচাঁনকে। ওই অবস্থায় মঙ্গলবার সকাল ৯ টার দিকে রূপচাঁন পুকুর থেকে তার চাষ করা মাছ ধরতে গেলে আবুল বাশার ও তার লোকজন চুরির অপবাদ দিয়ে রূপচাঁনকে আটক করে তার বাড়ির পাশে থাকা আম গাছে বেঁধে অমানুষিক শারীরিক নির্যাতন চালায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে রূপচাঁনকে উদ্ধার করে। ওইসময় ঘটনার নায়ক আবুল বাশার পালিয়ে গেলেও পুলিশ তার ২ সহোদর ভাই মাহমুদ হোসেন ও মোতালেব হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। রূপচাঁনের শরীরে বেশ কিছু জখম রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) বিপ্লব বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।




