নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়ন কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেনের প্রতি অনাস্থা এনে ৬৩ সদস্যের কমিটির ৪২ জন পদত্যাগ করেছেন। বুধবার উপজেলার জোনাইলে থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ১নং যুগ্ম-আহ্বায়ক লিয়াকত আলী আলমের কাছে তারা ওই পদত্যাগ পত্র জমা দেন বলে জানা গেছে। এনিয়ে নেতাকর্মীদের মধ্যে জোড় গুঞ্জন শুরু হয়েছে।
পদত্যাগকারী সদস্য আব্দুল জলিল জানান, গত ২০ আগষ্ট মোহর আলী দেওয়ানকে গোপালপুর ইউনিয়নের আহ্বায়ক করে ৩৩ সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠনতন্ত্র অনুসারে ৯টি ওয়ার্ডে নিয়মিত কমিটি গঠন করে ২২ সেপ্টেম্বর অনুমোদন করে। কিন্তু নবগঠিত ওয়ার্ড কমিটিতে থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ একরামুল আলমের অনুসারী লোক না থাকায় তিনি অজ্ঞাত কারনে ইউনিয়ন আহ্বায়ক এবং তাদের দ্বারা গঠিত ওয়ার্ড কমিটি বাতিল করেন। একই সাথে স্থানীয় নেতা-কর্মীদের সম্মতি ছাড়াই অযোগ্য নেতা মোশাররফ হোসেনকে আহ্বায়ক করে ১৩ অক্টোবর ৬৩ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সম্মতি ছাড়া অযোগ্য নেতাকে আহ্বায়ক করায় তার প্রতি অনাস্থা এনে একজন যুগ্ম-আহ্বায়কসহ একসাথে ৪২ সদস্য পদত্যাগ পত্র জমা দেন। পদগ্যাগপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন থানা কমিটির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, ওয়াজেদ আলী, বড়াইগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর আতিকুর রহমান বেলাল, থানা যুবদল সভাপতি সরদার রফিক, জোনাইল ইউপি চেয়ারম্যান ও যুবদল নেতা রাশেদুল ইসলাম প্রমূখ।
এ বিষয়ে যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী আলম পদত্যাগ গ্রহণের সত্যতা নিশ্চিত করে এই প্রতিবেদকে, পদত্যাগপত্র গুলো নিয়ে থানা কমিটিতে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।
বড়াইগ্রাম থানা বিএনপির আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল আলম জানান, একটা পক্ষ আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নানা মুখী ষড়যন্ত্র লিপ্ত রয়েছে।




