দু’ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভবানীপুর লেভেল ক্রসিংয়ে ময়মনসিংহগামী চট্রগ্রাম মেইলের সাথে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত এবং আহত হয়েছে ট্রেনের চালক ও সহকারী চালকসহ কমপক্ষে ৫ জন। এদের মধ্যে ট্রেন চালক আফাজ উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকী ৪ জনকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। ২ নভেম্বর রবিবার সকাল সোয়া ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে সকাল ১০টায় রেলওয়ের উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থল পৌঁছে ইঞ্জিন ও বগি উদ্ধার করলে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ফলে দুই ঘন্টা ময়মনসিংহ-চট্রগ্রাম ও ভৈরব রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শী ও ময়মনসিংহ রেলওয়ের ট্রাফিক ইনসপেক্টর (বাণিজ্যিক) সাজ্জাদ হোসেন জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী চট্রগ্রাম মেইল ট্রেনটি সকাল সোয়া ৮টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভবানীপুর লেভেল-ক্রসিংয়ে একটি বালু বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি ঘটনাস্থল থেকে ২০/২৫ হাত দূরে টেনে-হিঁচড়ে দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনের ইঞ্জিনে ট্রাকের দুমড়ে-মুচড়ে যাওয়া যন্ত্রাংশ ঢুকে বিকল হয়ে আটকে যায়। দূর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকে থাকা একজন মারা যায়। আহত হয় ট্রেনের চালক আফাজ উদ্দিন ও সহকারী চালক আজিজুর রহমানসহ আরো ৫ জন। এদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।




