স্টাফ রিপোর্টার ॥ নকলায় উদ্ধারকৃত বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ নাশকতার কাজে ব্যবহার করার জন্যই গুদামজাত করা হয়েছিল বলে জানিয়েছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম। তিনি ৬ অক্টোবর শুক্রবার রাতে শহরের নিউ মার্কেট এলাকায় তার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ওই তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ সুপার প্রেস ব্রিফিংকালে বলেন, গেল দুর্গাপূজায় শেরপুরের কেন্দ্রীয় নয়ানীবাড়ি মা ভবতারা মন্দিরসহ ৪টি মন্দিরে জঙ্গিরা নাশকতা সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করছে, পুলিশ হেড কোয়ার্টারের এমন তথ্যে জেলা পুলিশ প্রশাসন বিভিন্নভাবে খুঁজতে থাকে এমন ঘাঁটি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে নকলার চন্দ্রকোনায় রাত ১১টায় একটি তালাবদ্ধ দোকানে অভিযান চালিয়ে ১৯ গ্যালন তরল পদার্থ উদ্ধার করে। উদ্ধারকৃত তরল পদার্থের মধ্যে রয়েছে নাইট্রিক এসিড, ডিক্লোমেথেনি, সালফিউরিক এসিড, ক্লোরোফম, হাইড্রোজেন পার অক্সাইড, ট্রেট্রাহাইড্রোফুরান। ওইসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শক্তিশালী বা বড় ধরনের নাশকতার উদ্দেশ্যেই উদ্ধারকৃত রাসায়নিক তরল পদার্থ মজুদ করা হয়েছিল। এর সাথে জঙ্গি কানেকশনও থাকতে পারে। তবে ওই ঘটনায় গ্রেফতারকৃত মহিলাকে ব্যাপক জিজ্ঞাসাবাদসহ মজুদখানার ভাড়াটিয়াসহ সন্দেহভাজনদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। তদন্তে খুব দ্রুতই অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি দাবি করেন।









