আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে ছুরিকাঘাত করে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। নিহত সোহেল (৩৫) গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি উথুরী গ্রামের মকবুল মীর্জার ছেলে। ৮ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের বিএনপি নেতা মকবুল মীর্জার পরিবারের সাথে একই বাড়ির হাসিম উদ্দিনের ছেলে বুলবুলের সাথে মেয়ে সংক্রান্ত ঘটনায় দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি সংলগ্ন একটি মনোহারী দোকানে গল্প করার সময় বুলবুল ও সোহেল তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উত্তেজিত বুলবুল সোহেলের বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়।
এ ব্যাপারে গফরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




