কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কুষ্টিয়া পৌরসভার মেয়র জননেতা আনোয়ার আলীর ৭১তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল রাতে কুষ্টিয়া পৌরসভার মেয়রের কার্যালয়ে হঠাৎ করেই এই জন্মদিন পালনের আয়োজন করে মেয়র আনোয়ার আলীর ভক্তবৃন্দ। রাতে মেয়র আনোয়ার আলী প্রতিদিনের মতো তাঁর পৌর কার্যালয়ে উপস্থিত হন। এর কিছুক্ষণ পরে তিনি কোন কিছু বুঝে উঠার আগেই আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ অনেক ভক্তবৃন্দ ফুল দিয়ে তাঁকে অভিনন্দন জানাতে আসেন। এর পরে একটি কেক আনা হয়। তখন তিনি বুঝতে পারেন তার ৭১তম জন্মদিন। সকলের পাশে দাঁড়ানো মানুষটি ১৯৪৪ সালের ১৯মে তাঁর নানা মরহুম জেহের আলী মন্ডলের আড়ুয়াপাড়াস্থ বাড়িতে জন্ম গ্রহণ করেন। তিনি মরহুম মনোয়ার আলী ও মরহুমা নুরজাহান বেগমের ৬ পুত্র ও ৩ কন্যার মধ্যে প্রথম সন্তান। তিনি ১৯৭১ সালে নিজের জীবনবাজী রেখে ঝাঁপিয়ে পড়েন মহান স্বাধীনতা যুদ্ধে। দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। কুষ্টিয়াবাসীর দোয়া ও ভালবাসায় তিনি বারংবার কুষ্টিয়া পৌরসভার চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হয়ে কুষ্টিয়া পৌরসভা সহ কুষ্টিয়ার উন্নয়নে ব্যাপক অবদান রেখে চলেছেন। এই মহান মানুষটি এখন অসহায় মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছেন। জন্মদিনের এ অনুষ্ঠানে ভক্তবৃন্দ প্রিয় নেতা আনোয়ার আলীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।




