স্টাফ রিপোর্টার : শেরপুর জেলার প্রথম সংবাদপত্র ‘সাপ্তাহিক শেরপুর’ র ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্থানীয় সাংবাদিকদের ঐক্যের ডাক দেওয়া হয়েছে। ৫ মে সোমবার রাতে শহরের নিপুন কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ওই ঐক্যের ডাক দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ‘সাপ্তাহিক শেরপুর’র প্রতিষ্ঠাতা সম্পাদক প্রবীণ কবি আব্দুর রেজ্জাক। এ উপলক্ষ্যে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কবি ও সাংবাদিক কাকন রেজার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও শ্যামলবাংলা২৪ডটকম সম্পাদক রফিকুল ইসলাম আধার, কবি ও কলামিষ্ট তালাত মাহমুদ, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, এস কে সাত্তার, দেবাশীষ সাহা রায়, এম এ হাকাম হীরা, মো. হযরত আলী, মো. মেরাজ উদ্দিন, দেবাশীষ ভট্রাচার্য প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘সাপ্তাহিক শেরপুর’র ব্যবস্থাপনা সম্পাদক ফেরদৌস ওয়াহিদ রনি। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শরিফুর রহমান, আবুল হাশিম, আব্দুল হাকিম বাবুল, আব্দুর রফিক মজিদ, আদিল মাহমুদ উজ্জল, লাল মামুদ, হারুন-অর রশিদ দুদু, রমেশ সরকার, গোলাম রব্বানী টিুটু, আব্দুল মান্নান সোহেল, জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাপ্তাহিক শেরপুরের প্রতিষ্ঠাতা সম্পাদক আব্দুর রেজ্জাক বলেন, নানা প্রতিকুলতার মধ্য দিয়ে জন্ম নেয়া সাপ্তাহিক শেরপুর এখন জেলার প্রতিষ্ঠিত একটি সংবাদপত্র। একসময়ের ‘সাপ্তাহিক শেরপুর’র ক্ষুদে সংবাদকর্মীরাই এখন জেলার বাঘা বাঘা সাংবাদকর্মী হিসেবে সর্বমহলে পরিচিত। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আগত সকলকে বিগত দিনে পত্রিকাটির সার্বিক উন্নয়নে সহযোগিতা করায় জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে আগামীতেও এমন ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
প্রিয় অতিথিদের মধ্যে সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম আধার তৃণমূলের সংবাদকর্মীদের সমস্যার আলোকে তার বক্তব্যে শেরপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা প্রতিনিধি এবং শেরপুর থেকে প্রকাশিত দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকদের জেলা প্রেসক্লাবে অর্ন্তভূক্তি এবং বৈষয়িক কার্যক্রম গ্রহণের মাধ্যমে প্রেসক্লাবের গতিশীলতা আনয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন। সেইসাথে তিনি উপজেলা পর্যায়ের সাংবাদিকদের বিভেদ-দ্ব›দ্ব নিরসন করে একক প্রেসক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে জেলা প্রেসক্লাবের সাথে ‘চেইন অব কমান্ড’ প্রতিষ্ঠাসহ সাংবাদিকদের ঐক্য এবং পেশাগত মানোন্নয়নসহ আর্তমানবতার সেবায় অবদান রাখার উপর গুরুত্বারোপ করেন। এ প্রেক্ষিতে প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম লিটন অবিলম্বে প্রেসক্লাবের একটি সাধারণ সভা আহবানে মাধ্যমে ক্লাবের গতিশীলতা ও পরিধি বৃদ্ধিসহ তৃণমূলের সাথে চেইন অব কমান্ড প্রতিষ্ঠার ঘোষণা দেন।
অনুষ্ঠানে সাপ্তাহিক শেরপুর পরিবারের সংবাদকর্মীগণসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। শেষ পর্যায়ে রূপান্তর শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।




