শ্যামলবাংলা ডেস্ক : ৫ দিনের মধ্যে চলমান অস্থিতিশীল অচলাবস্থার নিরসনে রাজনৈতিক সমঝোতার আহ্বান জানিয়ে রাজপথে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। ‘আমরা বাঁচতে চাই’- শ্লোগানে ৭ ডিসেম্বর শনিবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে বিজিএমইএ ভবনের সামনে মানববন্ধনে বিজিএমইএ, এফবিসিসিআই ও ঢাকা চেম্বার অব কমার্সসহ ৫৫ টি ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন।
মানববন্ধনে বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম বলেন, আগামী ৫ দিনের মধ্যে কোন সমঝোতায় না পৌঁছালে আমরা শ্রমিকদের নিয়ে আপনাদের নেতাদের বাসা ও অফিস ঘেরাও করব।
তিনি আরও বলেন, এ অবস্থা চলতে থাকলে তারা শ্রমিকদের বেতন দিতে পারবেন না, ব্যাংক ঋণ পরিশোধ করতে পারবেন না, ওইসব দায়িত্ব ২ নেত্রীকেই নিতে হবে। বিজিএমই সভাপতি বলেন, এ জন্য আবারও ২ হাত জোর করে বলছি, আপনারা আলোচনায় বসুন, সমঝোতায় আসুন।
নির্বাচন নিয়ে প্রধান ২ দলের মতদ্বন্দ্বে হরতাল-অবরোধে নিজেদের ক্ষতির কথা বারবারই বলে আসছিলেন ব্যবসায়ীরা। সমঝোতার জন্য ২ নেত্রীর সঙ্গে ব্যবসায়ীরা আলোচনাও করেছিলেন, কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ না হওয়ায় রাজপথে কর্মসূচি নিয়ে নামলেন তারা।




