চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শফিউদ্দিন (৩৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। ৫ মে সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হারদী থানাতাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফিউদ্দিন একই গ্রামের হারেজ আলীর ছেলে বলে জানা গেছে। সংঘর্ষে আরো পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নানার সম্পদ বুঝে নেওয়ার জন্য হারদী গ্রামের সোনাআলী ১০/১২ লোক নিয়ে তার মামা হারেস আলীর কাছে যায়। এ সময় জমিজমার হিসেব নিয়ে মামা-ভাগ্নের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু বাধে। এতে ঘটনাস্থলেই ছয়জন আহত হয়েছেন। আহতদেরকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে শফিউদ্দিনের মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




