জিয়াউর রহমান জিয়া,রাজিবপুর(কুড়িগ্রাম) : ব্রহ্মপুত্র শাখা নদের নয়াচর থেকে বড়বেড়চর খেয়াঘাট পর্যন্ত ফের নৌকা চালুর দাবিতে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ফেলে বিক্ষোভ মিছিল করেছে। শনিবার ও রবিবার উপজেলার নয়াচর বালিকা উচ্চ বিদ্যালয়, চরনেওয়াজী উচ্চ বিদ্যালয়, নয়াচর ফাজিল মাদ্রাসা ও নয়াচর নিম্ন মাধ্যমিক বালক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নয়াচর বাজারে বিক্ষোভ মিছিল করে। মিছিল নিয়ে শিক্ষার্থীরা মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ ঘেরাও করে। তারা ওই ঘাটে ফের নৌকা চালু করার জন্য মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যানের কাছে দাবি জানায়।

প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে ব্রহ্মপুত্র শাখা নদের নয়াচর থেকে বড়বেড়চর খেয়াঘাট পর্যন্ত নৌকা চালু ছিল। কিন্তু বিভিন্ন খেয়াঘাটের ইজারার সময় ওই ঘাট বন্ধ করে দেওয়া হয়।
মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান তাঁর একক সিদ্ধান্তে নৌকা চলাচল বন্ধ করে দেন। নিজের স্বার্থে তিনি নয়াচর থেকে চড়াইহাটিচর পর্যন্ত নৌকা চালু করেন। এর ফলে বড়বেড়চরের সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের বিকল্প ঘাট ব্যবহার করতে হয়। এ ছাড়া প্রায় তিন কিলোমিটার বালুচর হেঁটে পাড়ি দিতে হয় তাদের।

নয়াচর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রোজিনা খাতুন অভিযোগ করে বলে, ‘নয়াচর থেকে বড়বেড়চর পর্যন্ত সরাসরি নৌকা বন্ধ করে দেওয়ার ফলে আমাদের অনেক বালুচর হাঁটতে হয়। সময়মতো স্কুলে পৌঁছাতে পারি না। আবার বাড়ি যাওয়ার সময় ওই বালুচর পাড়ি দিতে হয়।’ প্রতিদিনের এ দুর্ভোগ রোজিনার মতো আরো অনেক শিক্ষার্থীর।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু বলেন, ‘নতুন করে নয়াচর থেকে চড়াইহাটিচর পর্যন্ত নৌকা চালু করা হয়েছে। এর অল্প কিছু উত্তরে শিকারপুর থেকে নয়াচর পর্যন্ত নৌকা আছে। বড়বেড়চরের মানুষ ইচ্ছা করলে ওই দুটি ঘাটের নৌকায় পারাপার হতে পারে। এর পরও জনগণ চাইলে নয়াচর থেকে বড়বেড়চরে নৌকা চালু করা হবে।’




