নীলফামারী প্রতিনিধি : দূস্কৃতকারীদের হাতে খুন হলেন নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন (৪৫)। এ সময় তার সাথে মোটরসাইকেলে থাকা ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়াডের বিএনপির সভাপতি মাহবুব রহমান ডাবলু (৩৫) ও জালালের শ্যালক রফিকুল ইসলাম ( ৩৩) আহত হন। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। আহতদের ডোমার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জালালের শ্যালক রফিকুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ১২ টায় বিয়ে নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামের একটি বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার পর তারা মোটরসাইকেলে ডোমারের বামুনিয়ায় ফিরছিলেন। মোটরসাইকেলটি আন্ধারুর মোড়ের দই খাওয়া ব্রীজের কাছে এলে ১২/১৩ জন মুখোশধারী দৃস্কৃৃতিকারীরা তাদের পথরোধ করে তাদের পৃথক পৃথক গাছের সাথে বেঁধে ফেলে। এ সময় জালাল দুস্কৃতকারীদের একজনকে চিনে ফেললে দুস্কৃতকারীরা তাকে অদুরে নিয়ে গিয়ে বেধড়ক মারপিটের পর বাঁশের লাঠি দিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন জানান, নিহত জালালের লাশ উদ্ধার করে মর্গে ময়না পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি।




