শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকারের উদ্দেশ্যে বলেছেন, আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য করবেন না। তার আগেই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। তিনি ৪ মে রবিবার গুম-খুন ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাব চত্বরে গণঅনশন কর্মসূচি শেষে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, সারাদেশে চলছে খুন-গুম-অপহরণ। সারাদেশ আজ মৃত্যুউপত্যকায় পরিণত হয়েছে। দেশের মানুষকে নিরাপত্তা দিতে রাজপথে নামতে হবে। বিএনপির কর্মসূচিতে সবাইকে যোগ দিতে হবে।
খালেদা জিয়া বলেন, নারায়ণগঞ্জে একের পর খুন হচ্ছে। ৭ জন মানুষকে অপহরণ করে খুন করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নূর হোসেনের বাড়িতে আরও আগে কেন অভিযান পরিচালনা করা হয়নি? তাকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না? সে এখন কোথায় জনগণ তা জানতে চায়। সারাদেশে গুম-অপহরণ আর খুনের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, সরকারের লোকেরা দেশব্যাপী হত্যাযজ্ঞ চালাচ্ছে। এই সরকারের অঙ্গ সংগঠন ছাত্রলীগ-যুবলীগ সারা দেশে জনগণের ওপর জুলুম নির্যাতন করছে। কিন্তু এই সরকার তাদেরকে দমানোর ক্ষমতা রাখে না। চারিদিকে এখন রক্ত আর রক্ত।
রবিবার সকাল ৯টা থেকে গণঅনশন কর্মসূচি শুরু হয়। বিকেল সোয়া ৪টার দিকে অনশনে যোগ দেন বিএনপি চেয়ারপারসন। বিকেল ৫টায় অনশন শেষ হয়।




