চুয়াডাঙ্গা প্রতিনিধি : প্রচন্ড তাপদাহে চুয়াডাঙ্গার দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১৩ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থরা হচ্ছে-১০ম শ্রেণীর ছাত্রী আঁখিতারা , অথৈই , পপি , শারমিন সুলতানা , সান্ত্বনা , জান্নাতুল ফেরদৌস , জুঁই , সৌদিয়া ইসলাম, ছুম্মা আক্তার, আলফা আঁখি , রুমি , ইতি ও কথা। এদের দর্শনার বিভিন্ন ক্লিনিকে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়েছে।

বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হাসমত আলী জানান, বুধবার সকাল নয়টায় বিদ্যালয়ের ক্লাস শুরু হয়। এর কিছুক্ষণ পর ক্লাস চলাকালে ১০ম শ্রেণীর ১৩ জন ছাত্রী প্রচন্ড তাপদাহের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদেরকে স্থানীয় ক্লিনিক ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরপরই স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হাসমত আলী চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে আরো জানান, ছাত্রীরা ভাল আছে। ভয়ের কিছু নেই।
উলেখ্য, চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, বুধবার বেলা ১২ টায় চুয়াডাঙ্গা জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।




