ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বঙ্গবন্ধুকে অবৈধ প্রধানমন্ত্রীয় বলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও তার কুশপুুত্তলিকা দাহ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনা বক্তারা বলেন, তারেক রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দৃষ্টতামূলক বক্তব্য দেয়ায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তার বিচার করতে হবে। তারা বলেন, তারেক রহমান বঙ্গুবন্ধুকে নিয়ে জঘন্য মিথ্যাচার করে প্রমাণ করেছে সে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।
সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, সহসভাপতি রানা চৌধুরী, রাশেদুল ইসলাম রাঞ্জু প্রমুখ। সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।




