হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে প্রচন্ড শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় পানের বরজ,মরিচ,কুমড়া ক্ষেতসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

গত বৃহঃস্পতিবার (৩ এপ্রিল) রাতে উপজেলার সর্বত্রই ঘন্টা ব্যাপী শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় চলতি মওসুমে আবাদকৃত বিভিন্ন প্রকার সবজি,আমের কুড়ি,পানের বরজ,মরিচ,চিনা বাদামসহ উঠতি ফসলের বেশির ভাগ নষ্ট হয়ে গেছে।সবচেয়ে বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে উপজেলার উত্তর গোবিন্দপুর,পানান, ভরুয়া,চর জামাইল,রহিমপুর,সিদলা,জিনারী,হুগলাকান্দি ও দক্ষিন পুমদি গ্রামে। শিলাবৃষ্টিতে এসব এলাকায় বোরো ধানের সবুজ পাতা,কলাগাছ ও অন্যান্য ফলজ-বনজ গাছ ও লতাপাতার ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার রহিমপুর গ্রামের কৃষক খোকন মিয়া জানান,গত রাতের শিলাবৃষ্টিতে তার ৫০ শতাংশ কুমড়া ক্ষেতের বেশির ভাগ নষ্ট হওয়ায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের আবু বাক্কার জানান,শিলাবৃষ্টিতে তার ৩০ শতাংশ পানের বরজের প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার সাহেবের চর গ্রামের কৃষক বাদল মিয়া জানান,শিলাবৃষ্টিতে তার ২ একর চিনা বাদাম ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের মত আরো অনেকেরেই ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আহম্মদ জানান, চৈত্র মাসের শেষ দিকে হঠাৎ শিলাবৃষ্টি হওয়ায় পানের বরজ,বাদাম,মরিচসহ বিভিন্ন ফসলের ক্ষতি হলেও ফসল রক্ষায় মাঠকর্মীরা সার্বক্ষনিক এলাকায় অবস্থান করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।




