এম লুৎফর রহমান, নরসিংদী : বন্ধুর বাড়ীতে বেড়াতে যাবার কথা বলে গলাকাটা লাশ হয়ে গেছে শফিকুল ইসলাম (৩০) নামে এক যুবক। গত সোমবার রাতে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের চম্পকনগর গ্রামে ওই হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। মঙ্গলবার সকালে নরসিংদী থানা পুলিশ নিহত শফিকুলের মৃতদেহ একটি বিলের পাশ থেকে উদ্ধার করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, একই গ্রামের আবুল কাশেমের পুত্র শফিকুল ইসলাম সোমবার সন্ধ্যায় তার বন্ধু আমান উল্লাহর বাড়ীতে বেড়ানোর কথা বলে বাড়ী থেকে বেরিয়ে যায়। সেদিন রাতে সে আর বাড়ী ফিরেনি। পরদিন তাকে অনেক খোঁজাখুজির পর বাড়ী থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি বিলের ধারে শফিকুলের লাশ গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে নরসিংদী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিকুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
হত্যাকান্ডের প্রকৃত কারন জানা যায়নি। তবে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম দীর্ঘ ৭ বছর সৌদিআরবে প্রবাসী জীবন কাটিয়ে বছরখানেক পূর্বে দেশে ফিরে আসে। পরে ঘটনাক্রমে সে অসৎ বন্ধুদের খপ্পরে পড়ে একটি ডাকাতি ও একটি নারী নির্যাতন মামলায় মাস ছয়েক কারাভোগ করে ২ ফেব্রæয়ারী জামিনে মুক্তি পায়। মাত্র ২৩ দিন মুক্ত জীবন যাপন করার মাথায় গত সোমবার সে নৃসংশ হত্যাকান্ডের শিকার হয়। এদিকে জেলা থাকাকালীন তার স্ত্রী রুকসানা বেগম, আরিফ নামে তার এক বন্ধুর সাথে ওমান চলে যায়। জেল থেকে বেরিয়ে এ ঘটনা নিয়ে আরিফের পরিবারের সাথে তার শক্রতা সৃষ্টি হয়। শফিকুলের পরিবারের ধারনা এই শক্রতার জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে




