নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের দলারদরগা বাজারে বেশ কিছুদিন ধরে অসহায় অজ্ঞাত এক বৃদ্ধা মানবেতর জীবন যাপন করে আসছে। বাজারের খোলা আকাশের নিচে তার উপর দিয়ে বয়ে গেছে কঠিন শীত, ঘনকুয়াশা আর ফাল্গুনের হয়ে যাওয়া বৃষ্টি। এরপরও সে বেঁচে আছে। বাজারবাসীর ভাষায় মানুষের জীবন যে এত কঠিন হয় তা ৮০ বছরের ওই বৃদ্ধাকে দেখেলেই বুঝা যায়। কথায় আছে রাখে আলাহ মারে কে। স্থানীয় দোকানীরা জানান প্রায় ২ মাস পূর্বে বৃদ্ধাটি ওই বাজারে আসে। দোকানে দোকানে চায় আর খায়। থাকে বাজারের বিভিন্ন স্থানে। এভাবে চলতে চলতে গত শীতে সে কাতর হয়ে পড়ে। চলতে পারেনা। কেউ কিছু দিয়ে আসলে খায় আর না দিলে না খেয়েই দিন যায়। পড়ে থেকেই সেখানে প্রাকৃতিক কাজ সারে। ফলে তার পরনের ছেড়াফাটা কাপড়ও নোংরা হয়েছে। এখন সে বাজারবাসীর নিকট এক প্রকার বোঝা হয়ে পড়েছে। তারা বলছে বৃদ্ধাটিকে কি করা যায়। বৃদ্ধাটির নাম পরিচয় বলতে পারে না। কথা বললে শোনে কিন্তু জবাব দেয় না। আর যাই হোক মানুষ হিসাবে তার কিছু একটা করা দরকার। কিন্তু করবে কে এমন প্রশ্ন সকলের মূখে। এমন কোন হৃদয়বান বা মানুষের জন্য কাজ করেন কোন সংগঠন আছেন কি ওই বৃদ্ধার জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়াবেন? বৃদ্ধার বিষয়ে ইতিপূর্বেও এই অনলাইনে ছবি সহ সংবাদ প্রকাশ হয়েছিল।




