চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার হুদাপাড়ার সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ভারতের তৈরি একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ৭০ বোতল ফেনসিডিল আটক করে। অন্যদিকে জীবননগর উপজেলার রাজাপুর ক্যাম্প বিজিবি ৪০ বোতল ফেনসিডিল ও ৫৩০০টি টিভি পার্টস আটক করেছে। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে এবং বুধবার রাতে উপরোক্ত মালামাল আটক করা হয় বলে জানায় বিজিবি।

চুয়াডাঙ্গাস্থ ৬ বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সূত্রে জান যায়, বুধবার রাত ১২টার দিকে দামুড়হুদা উপজেলার হুদা পাড়া সীমান্তের ৯৪ নম্বর মেইন পিলারের কাছে এক ভুট্টাক্ষেতে ওঁৎ পাতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে: কর্ণেল এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে মুন্সীপুর বিজিবি। এ সময় তিনজন চোরাচালানী ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা তলাশি করে কাপড়ে জড়ানো একটি ভারতীয় পিস্তল, এক রাউন্ড তাজা গুলি ও ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
অন্যদিকে, রাজাপুর ক্যাম্পের হাবিলদার আব্দুল কুদ্দুস ফোর্সসহ সীমান্তের ৭২ নম্বর মেইন পিলারের কাছে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে টহল দেওয়ার সময় চারজন চোরাচালানীকে দেখে চ্যালেঞ্জ করে। এ সময়ে চোরাকারবারীরা বস্তা দুটি ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫৩০০টি টিভি পার্টস উদ্ধার করে বিজিবি।




