বগুড়ায় যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল হুদা নামে এক আসামিকে ৬ বছর পর গ্রেফতার করেছে র্যাব-১২। ১৬ জানুয়ারি সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান র্যাব-১২ স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম। এর আগে সন্ধ্যা ৬টার দিকে শহরের মালগ্রাম এলাকায় র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ৭২ বছরের নাজমুল হুদা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের বাসিন্দা। তবে তিনি গাজীপুরের টঙ্গীর কাজীপাড়া রোড ধরতৈল পশ্চিম পাড়া এলাকায় বসবাস করছিলেন। ২০১৭ সালের ২২ নভেম্বর নাজমুল হুদার মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এর আগে ২০১৪ সালের ২৪ অক্টোবর তিনিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়।
র্যাব জানায়, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্থানী হানাদার বাহিনীর সহযোগী হিসেবে রাজাকার বাহিনীর সদস্যরা অপহরণ, খুন, নারী ধর্ষণ ও অন্যান্য মানবতা বিরোধী কাজে সরাসরি সম্পৃক্ত ছিল। এছাড়াও তিনি যুদ্ধকালীন সময়ে জামায়াত ইসলামীর সক্রিয় সদস্য ছিলেন।

স্কোয়াড কমান্ডার বলেন, মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আসামি নাজমুল হুদা বগুড়া শহরের খান্দার এলাকায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করে আছেন। এ তথ্যের ভিত্তিতে র্যাব -১২ ও ২ এর যৌথ একটি টিমের অভিযানে তাকে গ্রেফতার করা হয়।









