ইয়ানুর রহমান, যশোর : বেনাপোলের পিকনিকের বাস যশোরের চৌগাছায় দুর্ঘটনার কবলে পড়ে ৭ শিক্ষার্থী নিহত হয়েছে। সমগ্র শার্শা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার রাতে চৌগাছার ঝাউতলা নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীরা সবাই বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

এলাকাবাসী জানান, বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার মেহেরপুরের মুজিবনগরে শিক্ষা সফরে যায়। বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে চৌগাছার ঝাউতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষা সফরের বহরে তিনটি বাস ছিল। এর মধ্যে রাজশাহী মেট্রো-জ- ১১-০০৮০ নম্বরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ শিশু শিক্ষার্থী মারা গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে পানির মধ্যে আরো শিশুর লাশ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ৮টি লাশ চৌগাছা হাসপাতালে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এদিকে বাস দুর্ঘটনার সংবাদ বেনাপোলে পৌছালে সমগ্র শার্শা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।




